[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

জ্বালানি খাতে নজরদারি বাড়াতে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ ৩:৩৫ এএম

সংগৃহীত ছবি

দেশব্যাপী জ্বালানি ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে তদারকি করতে প্রতিটি পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।


শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, আগের দিন এক ভার্চুয়াল সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হবে। রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় এই দায়িত্ব পালন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন।


অন্যদিকে, এসব মহানগরের বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধীনস্থ পাম্পগুলোর জন্য কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন।


ট্যাগ অফিসারদের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে এবং নিয়মিতভাবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বা বিপিসির কাছে দৈনিক প্রতিবেদন জমা দিতে হবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর