[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: গেটম্যানের গাফিলতিতে প্রাণহানি, একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬ ৫:৫১ এএম

সংগৃহীত ছবি

কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় গেটম্যানদের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সংস্থাটি জানিয়েছে, দুর্ঘটনার সময় দায়িত্বে থাকা দুই গেটম্যানের কেউই রেলক্রসিংয়ে উপস্থিত ছিলেন না।

বুধবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১১-এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক এসব তথ্য তুলে ধরেন।


তিনি জানান, এ ঘটনায় অভিযুক্ত গেটম্যান মো. হেলাল (৪১) কে মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় তিনি প্রধান আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল এবং সেখানে দায়িত্বপ্রাপ্ত গেটম্যানরা উপস্থিত ছিলেন না। এই অবহেলার কারণেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২২ মার্চ রাত আনুমানিক ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ এলাকার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেললাইন পার হওয়ার সময় যশোর থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয় এবং আহত হন আরও অন্তত ২৫ জন।
এ ঘটনায় নিহত এক যাত্রীর স্বজন বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় দুই গেটম্যান—মো. হেলাল ও মেহেদী হাসান—কে অভিযুক্ত করা হয়েছে।
গ্রেপ্তারকৃত হেলালকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব। অপর অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর