[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সম্পন্ন: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬ ১:১১ এএম

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত

 অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে দেশের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের হাজার হাজার মুসল্লি কাতারবন্দি হয়ে নামাজ আদায় করেন।

মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে সাধারণ মানুষের সঙ্গে ঈদের নামাজে শরিক হন। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, বিভিন্ন রাজনৈতিক নেতা এবং মুসলিম বিশ্বের কূটনীতিকরা এই জামাতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা ভাগাভাগি করেন।

প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এবার ঈদগাহে সাড়ে তিন হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজের সুব্যবস্থা ছিল। নারীদের জন্য আলাদা প্রবেশপথ ও অজুর ব্যবস্থা ছাড়াও মুসল্লিদের জন্য মেডিকেল টিমের বিশেষ সুবিধা নিশ্চিত করা হয়েছিল।

এসআর

সম্পর্কিত খবর