[email protected] বুধবার, ৪ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

ড. মুহাম্মদ ইউনূস-এর এসএসএফ নিরাপত্তা নিয়ে ব্যাখ্যা দিলেন শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৬ ১০:১৭ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার পর এক বছরের জন্য বিশেষ নিরাপত্তা পাওয়ার বিষয়টি আইনসম্মত বলেই দাবি করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কোনো সাবেক সরকারপ্রধানকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ছাড়া নিরাপত্তা দেয় না। প্রক্রিয়াগত বাধ্যবাধকতার কারণেই সংশ্লিষ্ট গেজেট জারি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।


শফিকুল আলমের ভাষ্য, বিষয়টি অস্বাভাবিক বা নজিরবিহীন নয়। উদাহরণ হিসেবে তিনি ২০০১ সালে দায়িত্ব ছাড়ার আগে তৎকালীন প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের প্রশাসন থেকে জারি করা অনুরূপ একটি আদেশের কথাও উল্লেখ করেন এবং সেই নথির কপিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।


এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে জারি করা এক প্রজ্ঞাপনে ড. ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য ‘ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পারসন’ (ভিভিআইপি) ঘোষণা করা হয়। এতে বলা হয়, স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী তাকে এই মর্যাদা দেওয়া হয়েছে।


আইনের ওই ধারায় বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের পাশাপাশি সরকারি গেজেটের মাধ্যমে ঘোষিত অন্য কোনো ব্যক্তিকেও ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। সেই বিধান অনুসারেই ড. ইউনূস এক বছরের জন্য এসএসএফের নিরাপত্তা পাচ্ছেন বলে ব্যাখ্যায় উল্লেখ করা হয়।


বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চললেও শফিকুল আলমের বক্তব্য অনুযায়ী, পুরো প্রক্রিয়াটি আইনসম্মত কাঠামোর মধ্যেই সম্পন্ন হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর