প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত হওয়ায় সেখানে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন আর হচ্ছে না।
পরিবর্তে আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তি থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হবে।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বগুড়া-৬ আসনের উপনির্বাচনের কারণে প্রধানমন্ত্রী সেখানে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না।
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া সফরকালে জানিয়েছিলেন, ১০ মার্চ বগুড়ায় এই কর্মসূচির উদ্বোধন হবে। তবে উপনির্বাচন সামনে থাকায় সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, ভোটের আগে নির্বাচনী এলাকায় সরকারি কর্মসূচি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, পরীক্ষামূলকভাবে দেশের ১৪টি উপজেলার নির্দিষ্ট ইউনিয়ন বা ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু হবে। প্রাথমিক পর্যায়ে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। কার্ডধারীরা মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
যেসব এলাকায় পাইলট প্রকল্প চালু হবে তার মধ্যে রয়েছে রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর আওতাধীন কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তি; মিরপুর শাহ আলী এলাকার আলী মিয়ার টেক ও বাগানবাড়ি বস্তি। এছাড়া বগুড়া সদর, রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পতেঙ্গা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নির্দিষ্ট ওয়ার্ডেও এই কার্যক্রম শুরু হবে।
সরকার বলছে, এই কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরাসরি আর্থিক সহায়তা নিশ্চিত করার একটি কার্যকর পদ্ধতি গড়ে তোলা হবে।
এসআর
মন্তব্য করুন: