[email protected] বুধবার, ৪ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

দুদক নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত, পদত্যাগ নিয়ে জোর আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৬ ৩:২২ পিএম

সংগৃহীত ছবি

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর শীর্ষ নেতৃত্বের পদত্যাগ নিয়ে প্রশাসনিক অঙ্গনে জোর গুঞ্জন চলছে।

অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া কমিশনের চেয়ারম্যান ড. এম এ মোমেনসহ তিন সদস্যের কমিশন দায়িত্ব ছাড়তে পারেন— এমন আভাস পাওয়া গেছে বিভিন্ন সূত্রে।


সংশ্লিষ্ট মহলের তথ্য অনুযায়ী, সরকার কমিশনকে তাদের অবস্থান পুনর্বিবেচনার বার্তা দিয়েছে। শোনা যাচ্ছে, স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং খুব শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে পারে।
মঙ্গলবার বিকেল ৩টায় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণির সঙ্গে কমিশনের বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকের পরই বিষয়টি পরিষ্কার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে দুদক চেয়ারম্যান ড. মোমেন বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন কথা শোনা গেলেও তিনি সরাসরি মন্ত্রিপরিষদ সচিবের কাছ থেকে সরকারি অবস্থান জানতে চান। নির্ধারিত বৈঠকের পর সিদ্ধান্ত স্পষ্ট হবে বলেও তিনি জানান।


আইন অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন-এর চেয়ারম্যান ব্যক্তিগত কারণ দেখিয়ে বা অন্য যে কোনো সময়ে পদত্যাগ করতে পারেন। সে ক্ষেত্রে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত লিখিত আবেদন জমা দিতে হয়, যা মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রক্রিয়াজাত হয়।

রাষ্ট্রপতির অনুমোদনের পরই পদত্যাগ কার্যকর হয়।
২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. মোমেনকে পাঁচ বছরের জন্য দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে কমিশনার হিসেবে দায়িত্ব পান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। তারা ডিসেম্বরের মধ্যভাগে নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেন।
বর্তমানে কমিশনের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নানা আলোচনা চললেও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি অনিশ্চিতই রয়ে গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর