মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
একই ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটি বেসামরিক স্থাপনার কাছে বিমান হামলার পর সৃষ্ট ধ্বংসাবশেষে আঘাত পেয়ে সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ মারা যান।
বাংলাদেশ দূতাবাস আবুধাবি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বাণিজ্যিক ফ্লাইট চালু হলে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এছাড়া বাহরাইনে পৃথক ঘটনায় আরও এক বাংলাদেশি নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশ দূতাবাস মানামা বিষয়টি তদারকি করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।
কুয়েতে একটি বেসামরিক বিমানবন্দরের নিকট ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তারা বিভিন্ন জেলার বাসিন্দা। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নেন।
অন্যদিকে, বাংলাদেশ শিপিং কর্পোরেশন–এর জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থান করছে। দূতাবাসের পক্ষ থেকে জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। জাহাজের নাবিকরা নিরাপদ আছেন বলে নিশ্চিত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ওই অঞ্চলে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার। সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিতে এবং স্থানীয় নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: