দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও কয়েকটি বিভাগে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে।
এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার (২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহের পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অল্প বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে মেঘলা আকাশ দেখা গেলেও শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। দিনের তাপমাত্রা স্থিতিশীল থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
মঙ্গলবার (৩ মার্চ) থেকে বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত অধিকাংশ স্থানে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে, তবে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে, সারাদেশে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা দেখা যেতে পারে।
এসআর
মন্তব্য করুন: