সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলো দুই প্রতিমন্ত্রীর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়।
এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব অজিত দেব।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা আদেশের আলোকে নতুন করে এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
অপরদিকে, প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপির ওপর নৌপরিবহণ মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।
এসআর