[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

ভোটকেন্দ্রে এখন মানুষের ঢল, আগের মতো ফাঁকা দৃশ্য নয়: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৩১ এএম

সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগের নির্বাচনে ভোটকেন্দ্র ফাঁকা থাকার অভিযোগ উঠলেও এবারের চিত্র ভিন্ন।

এখন কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতিই চোখে পড়ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


সিইসি উল্লেখ করেন, অতীতে গণমাধ্যমে ফাঁকা কেন্দ্রের দৃশ্য প্রচারিত হয়েছে। কিন্তু এবারের নির্বাচনে সেই চিত্র দেখা যাচ্ছে না। মানুষের ব্যাপক উপস্থিতিই প্রমাণ করে নির্বাচন কমিশনের প্রতি আস্থা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, রাজনৈতিক দলগুলোও কমিশনের ওপর আস্থা রেখেছে, না হলে এত অংশগ্রহণ দেখা যেত না।


তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের সক্রিয় অংশগ্রহণের খবর পাচ্ছেন। বিশেষ করে পঞ্চগড়সহ কয়েকটি জেলায় নারীরা ভোর থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন—যা ইতিবাচক বার্তা বহন করে। তরুণ সমাজ ও নারীদের অংশগ্রহণকে তিনি দেশের শক্তি হিসেবে উল্লেখ করেন।


নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে সিইসি বলেন, সারাদেশে উৎসবমুখর আবহে ভোটগ্রহণ চলছে। একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কমিশন কারও পক্ষে বা বিপক্ষে নয় এবং কেন্দ্র দখল বা কারচুপির সুযোগ নেই।


গণমাধ্যমের উদ্দেশে তিনি আহ্বান জানান, যাচাই-বাছাই করে সঠিক তথ্য প্রকাশ করতে। সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, অসত্য তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে—এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা জরুরি।


এছাড়া নির্বাচনকালে এআই-নির্ভর ভুয়া কনটেন্ট বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বলেও মন্তব্য করেন সিইসি। তিনি জানান, অপপ্রচার মোকাবিলায় কমিশন প্রস্তুতি নিয়েছে এবং সঠিক তথ্য প্রচারের মাধ্যমে গুজব প্রতিরোধের কৌশল গ্রহণ করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর