[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

ভোটকেন্দ্রে তথ্য সংগ্রহে স্বাধীনতা পাবেন পর্যবেক্ষক ও সাংবাদিকরা: ইসি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১:৩৯ পিএম

সংগৃহীত ছবি

ভোটের দিন পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীরা কেন্দ্রের ভেতরে স্বাধীনভাবে ঘুরে তথ্য সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তবে ভোটগ্রহণ কক্ষের (কাস্টিং রুম) ভেতরে ছবি তোলা নিষিদ্ধ থাকবে বলে তিনি স্পষ্ট করেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, অন্যান্য কমিশনার, ইসির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি কমিশনার জানান, গত বছরের জুলাইয়ে জারি করা নির্দেশনার আলোকে পর্যবেক্ষক ও সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন ও ক্যামেরা ব্যবহার করতে পারবেন। তবে সাধারণ ভোটারদের জন্য কেন্দ্রের ভেতরে মোবাইল বা ক্যামেরা ব্যবহারের অনুমতি থাকবে না।


পোস্টাল ব্যালট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে এই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী প্রবাসী বাংলাদেশি ও কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে ডাকযোগে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।


তিনি আরও বলেন, প্রায় ১৮ কোটি মানুষের দেশে দীর্ঘ সময় পর সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে সরাসরি ভোটে ৩০০ জন সংসদ সদস্য নির্বাচিত হবেন। পাশাপাশি সংরক্ষিত আসনে আরও ৫০ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হবেন।


প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের বিষয়ে তিনি জানান, একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা ব্যয় করতে পারবেন। এছাড়া প্রতি ভোটারের জন্য ১০ টাকা হারে ব্যয়ের সীমা নির্ধারিত রয়েছে।
ইসি কমিশনারের ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ হাজার সাংবাদিক এবারের নির্বাচন কাভার করবেন।

তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘদিন পর ভোটাররা উৎসাহের সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


নির্বাচন-পরবর্তী সময়ে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়টি ভবিষ্যৎ নির্বাচিত সরকারের নীতির ওপর নির্ভর করবে।

তবে সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর