[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

অস্ত্র ও গুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী মুন্না আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৩৬ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সোয়েব হোসেন মুন্না ওরফে ভাগিনা মুন্নাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর তুরাগ থানার হরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৩ বছর বয়সী মুন্নাকে আটক করা হয়। এ বিষয়ে একই দিন র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে সামনে রেখে র‌্যাব সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রেখে আসছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে দেশব্যাপী বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

র‌্যাব-৪ জানায়, গোয়েন্দা তথ্যে জানা যায়, পল্লবী এলাকার চিহ্নিত সন্ত্রাসী সোয়েব হোসেন মুন্না নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে এলাকায় অবস্থান করছেন। পরে ওই তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে মুন্নার দেওয়া তথ্য অনুযায়ী তার তুরাগের বাংলোবাড়িতে অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড তাজা গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, উদ্ধার করা অস্ত্র রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধে ব্যবহৃত হতো। এসব অস্ত্র ভাড়ায় সরবরাহের মাধ্যমে হত্যাসহ গুরুতর অপরাধ সংঘটিত করা হতো বলেও জানায় সংস্থাটি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মুন্নার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টির বেশি মামলা রয়েছে এবং তার নামে ১৭টি গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর