[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কবার্তা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ৬:০৮ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে নাগরিকদের বিক্ষোভ, সমাবেশ ও বড় ধরনের জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি চলাফেরার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দূতাবাসের নিজস্ব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স এবং ফেসবুকের মাধ্যমে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়। এর আগে সর্বশেষ গত বছরের ১৫ ডিসেম্বর বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের চলাচল বিষয়ে সতর্কতা দিয়েছিল দূতাবাস।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থী হামলার আশঙ্কা তৈরি হতে পারে, যা বিক্ষোভ, ভোটকেন্দ্র কিংবা ধর্মীয় স্থাপনাকে কেন্দ্র করে ঘটতে পারে। এমনকি শান্তিপূর্ণ কর্মসূচিও হঠাৎ সহিংস রূপ নিতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ সরকার ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের যানবাহন চলাচলে সীমাবদ্ধতা আরোপের ঘোষণা দিয়েছে। এসব পরিস্থিতির কারণে ওই দুই দিন ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সীমিত পরিসরে সশরীরে কনস্যুলার সেবা প্রদান করবে।

মার্কিন নাগরিকদের জন্য কিছু করণীয়ও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— বড় জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলা, আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা, নিয়মিত স্থানীয় সংবাদ অনুসরণ করা, জরুরি প্রয়োজনে চার্জযুক্ত মোবাইল ফোন সঙ্গে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা হালনাগাদ করা এবং প্রয়োজনে বিকল্প যাতায়াত পথ নির্ধারণ করা।

এসআর

সম্পর্কিত খবর