শীতের সকালে ব্যায়ামের আগে শরীরকে প্রস্তুত করতে কৃত্রিম ক্যাফেইন বা সাপ্লিমেন্টের পরিবর্তে
ঘরে থাকা সাধারণ খাবার দিয়ে তৈরি প্রাকৃতিক পানীয় বেশ কার্যকর হতে পারে। শীতের সকালে ব্যায়ামের আগে পান করার উপযোগী এমন সাতটি পানীয়:
১. লেবু মেশানো কুসুম গরম পানি: কুসুম গরম পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে পান করলে শরীরের পানির চাহিদা পূরণ হয় এবং শীতের সকালে ঠান্ডা পানি পানের অনীহা দূর হয়। ব্যায়ামের ১৫-৩০ মিনিট আগে এটি খাওয়া যায়।
২. কলার স্মুদি: কলার কার্বোহাইড্রেট ও পটাশিয়াম ব্যায়ামে শক্তি জোগায়। একটি পাকা কলা ও ২০০-২৫০ মিলিলিটার দুধ ব্লেন্ড করে ব্যায়ামের ৬০-৯০ মিনিট আগে এটি পান করা ভালো।
৩. ডাবের পানি: এতে থাকা পটাশিয়ামসহ বিভিন্ন ইলেকট্রোলাইট শরীরের পানির ঘাটতি পূরণে সাহায্য করে। ব্যায়ামের আগে এক গ্লাস ডাবের পানি পান করা যেতে পারে।
৪. ওটস ও দুধের স্মুদি: পেট ভিনিয়ে শক্তি জোগাতে ২০-৩০ গ্রাম ওটস ও দুধ ব্লেন্ড করে (স্বাদের জন্য কলা মিশিয়ে) ব্যায়ামের ৬০-১২০ মিনিট আগে খাওয়া যায়। তবে ফাইবার বেশি থাকায় ব্যায়ামের ঠিক আগে না খাওয়া ভালো।
৫. বিটরুটের জুস: বিটরুটের প্রাকৃতিক নাইট্রেট নাইট্রিক অক্সাইড তৈরিতে ভূমিকা রাখে এবং রক্তনালির কার্যক্রমে সহায়তা করে। ব্যায়ামের ২-৩ ঘণ্টা আগে এটি পান করলে ভালো ফল পাওয়া যায়।
৬. পানিতে মিশিয়ে কমলার রস: কার্বোহাইড্রেট ও ভিটামিন সি সমৃদ্ধ কমলার রসের সঙ্গে সমপরিমাণ পানি মিশিয়ে ব্যায়ামের ৩০-৬০ মিনিট আগে পান করা যেতে পারে। তবে ডায়াবেটিস থাকলে পরিমাণের বিষয়ে সতর্ক থাকা জরুরি।
৭. হালকা গরম দুধ ও কলা: এক কাপ হালকা গরম দুধের সঙ্গে অর্ধেক বা একটি কলা খেলে প্রোটিন ও কার্বোহাইড্রেট পাওয়া যায়। এটি ব্যায়ামের ৪৫-৯০ মিনিট আগে খাওয়া ভালো।
ব্যায়ামের আগে কোন পানীয় বেছে নেবেন?
স্বল্প সময়ের সাধারণ ব্যায়ামের জন্য কেবল পানিই যথেষ্ট।
দীর্ঘ সময় খালি পেটে থাকলে কলা বা স্মুদি খেতে পারেন।
দীর্ঘ ও পরিশ্রমসাধ্য ব্যায়ামের আগে কার্বোহাইড্রেটসমৃদ্ধ পানীয় উপকারী।
শীতের সকালে গরম কিছু চাইলে কুসুম গরম পানি বা দুধ বেছে নিতে পারেন।
সর্বোপরি, পর্যাপ্ত ঘুম, সুষম খাবার এবং শরীরের পানির চাহিদা পূরণ করাই প্রি-ওয়ার্কআউটের প্রধান শর্ত।
এইচ/এম