[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

তাহসিফের মৃত্যুর ঘটনায় বান্ধবী দিশা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬ ৩:১৯ পিএম

সংগৃহীত ছবি

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় এবার তার বান্ধবী দিশাকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।

এদিকে একই দিন মধ্যরাত থেকে আদালতের আদেশে রিমান্ডে থাকা আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্ত কর্মকর্তারা। তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপের সম্পৃক্ততার কিছু প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাহসিফের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত দীপকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জিজ্ঞাসাবাদে তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন তিনি।

নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক কিছু তথ্য পাওয়া গেছে।

রিমান্ডে তাকে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তের স্বার্থে আপাতত এর বেশি কিছু জানানো সম্ভব হচ্ছে না।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ফোন পেয়ে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন তাহসিফ।

পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

এর আগে দীপ দাবি করেছিলেন, তাহসিফের সঙ্গে একটি রেস্তোরাঁয় রাতের খাবার খাওয়ার পর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় তাদের আলাদা হয়ে যাওয়া হয়।

ঘটনার পর বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, মাদক কেনাবেচার স্থান হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার বিষয়টি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন দীপ।

পরে পিবিআই কর্মকর্তারা তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। শুক্রবার রাতে তাহসিফের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করার পর দীপকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর