[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

চাঁদাবাজির সংবাদ প্রকাশ, হুমকির পর সাংবাদিক মেহেদীর ওপর সশস্ত্র হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১:৩৫ পিএম

ছবি: হাসপাতালে আহত সাংবাদিক মেহেদী হাসান

চাঁদাবাজি ও ছিনতাই চক্রের বিরুদ্ধে অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে ‘প্রতিদিনের বাংলা’র সাংবাদিক মেহেদী হাসানের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে।

 নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরও রক্ষা পাননি তিনি। গত ২২ সেপ্টেম্বর রাজধানীর শাহজাহানপুর এলাকায় একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

মেহেদী হাসানের অভিযোগ, বিমানবন্দর এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্ব ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। প্রকাশিত প্রতিবেদন সরিয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগের পাশাপাশি তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের ভয় দেখানো হয়। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর শাহজাহানপুর থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেন তিনি। কিন্তু জিডি করার পরও তাঁর নিরাপত্তা নিশ্চিত হয়নি। বরং এর পরপরই তাঁর ওপর আরও ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

সংবাদ প্রকাশের পর থেকেই হুমকি

ঘটনার সূত্রপাত গত ৪ সেপ্টেম্বর। ওই দিন ‘প্রতিদিনের বাংলা’য় সাংবাদিক মেহেদী হাসানের করা ‘বিমানবন্দর এলাকায় চাঁদাবাজি-দখলদারিত্বে শান্তর আধিপত্য’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

 

প্রতিবেদনে বিমানবন্দর থানা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্ত, সভাপতি মো. রিপন হোসেন, বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারিত্ব, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে ধরেন স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রগুলো।

প্রতিবেদনে বিমানবন্দর এলাকার নির্মাণকাজ, মাটি ও নির্মাণসামগ্রী পরিবহন, মালপত্রবাহী গাড়ি, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠে আসে। এ ছাড়া এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় সংশ্লিষ্ট কয়েকজনের নামও উঠে আসে।

 

ওই ঘটনায় পুলিশ আল-আমিন হোসেন শান্ত ও আব্দুর রউফকে গ্রেপ্তার করে এবং ছিনতাই হওয়া স্বর্ণের ১০০ গ্রাম উদ্ধার করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে শান্ত ও মো. রিপন হোসেনকে ছাত্রদলের সাংগঠনিক পদ থেকেও বহিষ্কার করা হয়।

মেহেদী হাসানের অভিযোগ, ওই প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট একটি স্বার্থান্বেষী মহল তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। প্রতিবেদনটি পোর্টাল থেকে সরিয়ে নিতে চাপ প্রয়োগ করা হয়। একই সঙ্গে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়।

 

আমতলা মোড়ে পথরোধ করে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জিডিতে উল্লেখ করা তথ্য অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে রাজধানীর শাহজাহানপুর থানাধীন আমতলা মোড়ে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। প্রকাশিত সংবাদ সরিয়ে না নিলে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি, এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে একই দিন শাহজাহানপুর থানায় লিখিত আবেদন করেন মেহেদী হাসান। পুলিশ আবেদনটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করে। জিডি নম্বর ৬০৭। জিডির তদন্তের দায়িত্ব দেওয়া হয় শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউল হককে।

 

জিডির পরও রক্ষা নেই, ২২ সেপ্টেম্বর শাহজাহানপুরে সশস্ত্র হামলা

মেহেদী হাসানের অভিযোগ, থানায় জিডি করার পরও হুমকিদাতাদের তৎপরতা বন্ধ হয়নি। বরং তাঁরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় গত ২২ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর শাহজাহানপুর এলাকায় তাঁর ওপর হামলা চালানো হয়।

ভুক্তভোগীর অভিযোগ, একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত পূর্বপরিকল্পিতভাবে তাঁর পথরোধ করে। এরপর লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীরা ৪ সেপ্টেম্বর প্রকাশিত সংবাদটির প্রসঙ্গ তুলে তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

 

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, হামলার পর আহত মেহেদী হাসানকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় ব্যান্ডেজ ও প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা নেওয়ার পর তিনি শারীরিক আঘাত ও মানসিক ট্রমার মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

মেহেদী হাসানের দাবি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ নিয়ে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন সরিয়ে নেওয়ার চাপ, পরবর্তী সময়ে প্রাণনাশের হুমকি এবং থানায় জিডি করার পর তাঁর ওপর এই হামলা একই ঘটনার ধারাবাহিকতা। পেশাগত দায়িত্ব পালন ও অপরাধের তথ্য প্রকাশের কারণেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ তাঁর।

 

নিরাপত্তা চেয়ে জিডি, এরপরও সাংবাদিকের ওপর হামলা

একজন সাংবাদিক নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করার পরও কীভাবে হামলার শিকার হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ৭ সেপ্টেম্বর প্রাণনাশের হুমকির বিষয়ে পুলিশকে লিখিতভাবে জানানোর পর ২২ সেপ্টেম্বর তাঁর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ফলে জিডি তদন্তের অগ্রগতি, হুমকিদাতাদের শনাক্তকরণ এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

বিশেষ করে ৬০৭ নম্বর জিডিতে উল্লেখ করা হুমকির সঙ্গে ২২ সেপ্টেম্বরের হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা জরুরি। হামলার নেপথ্যে কারা পরিকল্পনা করেছে, কারা সরাসরি অংশ নিয়েছে এবং সংবাদ প্রকাশের বিরোধই এর মূল কারণ কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা প্রয়োজন।

 

সাংবাদিক মেহেদী হাসানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ‘প্রতিদিনের বাংলা’ পরিবার। কর্তৃপক্ষের মতে, জনস্বার্থসংশ্লিষ্ট অপরাধের সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে হুমকি দেওয়া, তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা বিঘ্নিত করার ভয় দেখানো এবং শেষ পর্যন্ত সশস্ত্র হামলার শিকার করার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।

‘প্রতিদিনের বাংলা’র পক্ষ থেকে ৬০৭ নম্বর জিডির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত, ২২ সেপ্টেম্বরের হামলায় সরাসরি জড়িতদের পাশাপাশি নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্ত এবং দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সাংবাদিক মেহেদী হাসান ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

 

কর্তৃপক্ষের বক্তব্য, সংবাদ নিয়ে কারও আপত্তি থাকলে আইনসম্মতভাবে তার প্রতিবাদ বা প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদ সরিয়ে নিতে চাপ প্রয়োগ, সাংবাদিককে প্রাণনাশের হুমকি কিংবা তাঁর ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধ ও অনিয়মের সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে যেন জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকতে না হয়, সে নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে।

এসআর

সম্পর্কিত খবর