[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

চাঁদাবাজি-ছিনতাইয়ের খবর প্রকাশ, সাংবাদিক মেহেদীকে হুমকি; থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬ ৬:৪২ পিএম

চাঁদাবাজি ও ছিনতাইসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে ‘প্রতিদিনের বাংলা’র স্টাফ রিপোর্টার মেহেদী হাসান ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

চাঁদাবাজি ও ছিনতাইসংক্রান্ত  প্রকাশিত সংবাদটি পোর্টাল থেকে সরিয়ে নিতে চাপ প্রয়োগের পাশাপাশি তাঁকে পথরোধ করে ভয়ভীতি ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মেহেদী হাসান। গত ৭ সেপ্টেম্বর দায়ের করা এ জিডির নম্বর ৬০৭।

 

সংবাদ প্রকাশের পর থেকেই হুমকি

জিডিতে উল্লেখ করা হয়, গত ৪ সেপ্টেম্বর ‘প্রতিদিনের বাংলা’য় চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর থেকেই একটি স্বার্থান্বেষী ও অপরাধী চক্র তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় তাঁকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো শুরু হয়।

জিডির বিবরণ অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে শাহজাহানপুর থানাধীন আমতলা মোড়ে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁকে পথরোধ করে প্রকাশিত সংবাদটি দ্রুত সরিয়ে ফেলার জন্য চাপ দেওয়া হয়। অন্যথায় তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।

 

জিডিতে মেহেদী হাসান আরও উল্লেখ করেন, হুমকিদাতারা তাঁকে ও তাঁর পরিবারকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্ত ব্যক্তিরা যেকোনো সময় তাঁর বড় ধরনের ক্ষতি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

 

শাহজাহানপুর থানায় জিডি, তদন্তের দায়িত্বে এসআই আলাউল হক

এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের সদস্যদের জীবন এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত আবেদন করেন সাংবাদিক মেহেদী হাসান। পরে পুলিশ তাঁর আবেদনটি ৬০৭ নম্বর সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করে।

জিডিটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউল হককে। জিডির নথিতে এ-সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনার বিষয়টিও উল্লেখ রয়েছে।

 

সুষ্ঠু তদন্ত ও সাংবাদিকের নিরাপত্তা দাবি প্রতিদিনের বাংলার

সাংবাদিক মেহেদী হাসান ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘প্রতিদিনের বাংলা’ পরিবার।

পত্রিকাটির কর্তৃপক্ষ জানায়, সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিককে পথরোধ করে হুমকি দেওয়া এবং তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অপরাধ, অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য প্রকাশের কারণে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

কর্তৃপক্ষ আরও জানায়, কোনো প্রকাশিত সংবাদ নিয়ে আপত্তি থাকলে আইনসম্মত প্রক্রিয়ায় তা উত্থাপন করার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদ সরিয়ে নিতে চাপ প্রয়োগ, প্রাণনাশের হুমকি কিংবা পরিবারের সদস্যদের ক্ষতির ভয় দেখানো আইনের শাসন ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

এ অবস্থায় ৬০৭ নম্বর জিডির ভিত্তিতে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে ‘প্রতিদিনের বাংলা’ কর্তৃপক্ষ। একই সঙ্গে সাংবাদিক মেহেদী হাসানের পেশাগত দায়িত্ব পালনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে সংবাদ প্রকাশের পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে ‘প্রতিদিনের বাংলা’ পরিবার।

এসআর

সম্পর্কিত খবর