[email protected] বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র ১৪৩৩

অস্ত্র মামলায় মাজেদুলের জামিন আবেদন হাইকোর্টে নাকচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৬ ৮:৫৫ পিএম

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ব্যবহৃত অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে করা মামলার আসামি মো. মাজেদুল হক হেলালের জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

সোমবার (২৪ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


মামলার নথি অনুযায়ী, গত ১৮ এপ্রিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মাজেদুল হক হেলাল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।


এর আগে চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে গ্রেপ্তারের পর ১৫ এপ্রিল তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় মামলার তদন্তকারী সংস্থা সিআইডি।

সংস্থাটির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত মাজেদুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি নরসিংদী এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নরসিংদী থানায় অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে।


ফরেনসিক পরীক্ষায় উদ্ধার করা অস্ত্র থেকেই ঘটনাস্থলে পাওয়া কার্তুজ ও গুলি ছোড়া হয়েছিল বলে প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে। পরে মাইক্রো-অ্যানালাইসিসের মাধ্যমে পিস্তলটির সিরিয়াল নম্বরও শনাক্ত করা হয়।


তদন্তে আরও জানা যায়, ঢাকার এমআইএইচ আর্মস কোম্পানি ২০১৭ সালের ৩ ডিসেম্বর পিস্তলটি ইসলাম উদ্দিন আহমেদ অ্যান্ড সন্সের কাছে বিক্রি করে। পরবর্তী সময়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি অস্ত্রটি চট্টগ্রামের হামিদুল হক আর্মস অ্যান্ড কোম্পানির কাছে বিক্রি করে।

এসআর

সম্পর্কিত খবর