[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে সম্পৃক্ততার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৫ ৭:০৬ এএম

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা হয়েছে।

অভিযুক্তরা হলেন মো. মামুন আলী (৩১) ও রেফাত বিশাত (২৭)।

মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা বারনামা-এর বরাতে জানা গেছে, শুক্রবার (১৫ আগস্ট) আদালতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, মামুন আলী ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে ‘সাহিফুল্লা ইসলাম’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে সমর্থন দেন। এ অভিযোগ মালয়েশিয়ার দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড এবং জরিমানার শাস্তি হতে পারে।

অন্যদিকে, রেফাত বিশাতের বিরুদ্ধে অভিযোগ—তিনি ২০২৪ সালের ১০ জুলাই বিকেলে লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাসায় নিজের মোবাইল ফোনে আইএসের পতাকার ছবি রাখেন। এটি দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারায় অপরাধ হিসেবে বিবেচিত। দোষী সাব্যস্ত হলে তার সাত বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত হতে পারে।

মামলাটি বিচারক দাতুক আহমাদ কামাল আরিফিন ইসমাইলের আদালতে শুনানি হয়। দোভাষী নিয়োগের জন্য আগামী ১২ সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামুন আলীর মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে ডেপুটি পাবলিক প্রসিকিউটর মারিয়াম জামিয়াহ আব মানাফ এবং রেফাত বিশাতের মামলায় নূর আইনিয়া রিদওয়ান উপস্থিত ছিলেন।

তবে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না।

এসআর

সম্পর্কিত খবর