[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ইরানের ৮ প্রতিষ্ঠান, ব্যক্তি ও একটি জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুন ২০২৫ ৪:৩৫ পিএম

সংগৃহীত ছবি

ইরানের প্রতিরক্ষা শিল্পে চীন থেকে সংবেদনশীল যন্ত্রপাতি সংগ্রহ ও পরিবহনের অভিযোগে আটটি প্রতিষ্ঠান, একজন ব্যক্তি এবং একটি জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইরানের রায়ান রোশদ আফজার কোম্পানি (RRA) এবং এর একটি সহযোগী প্রতিষ্ঠান ‘তোসে সানায়ে নিম রেসানায়ে তারাশে’ সংবেদনশীল যন্ত্রপাতি আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব যন্ত্রপাতি পরিবহনে ব্যবহৃত একটি জাহাজকেও “অবরুদ্ধ সম্পত্তি” হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এর আগেও পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং এবার আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

নতুন এই নিষেধাজ্ঞাগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের সময় ঘোষিত জাতীয় নিরাপত্তা স্মারকলিপি-২ অনুসারে নেওয়া হয়েছে, যার লক্ষ্য ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি’ পুনরায় চালু করা।

এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো—

  • ইরানকে পারমাণবিক অস্ত্র ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে বাধা দেওয়া,
  • ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীসহ তাদের সহযোগীদের রাজস্ব সংগ্রহে প্রতিবন্ধকতা তৈরি করা,
  • পারমাণবিক, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা অন্য কোনো বিস্তার-সংক্রান্ত তৎপরতা রোধ করা।

যুক্তরাষ্ট্র জানায়, ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য ও বিশ্বজুড়ে স্থিতিশীলতা নষ্ট করতে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, সেসবের জন্য ব্যবহৃত যন্ত্রাংশ সংগ্রহ প্রতিরোধে তারা সব ধরনের সম্ভাব্য উপায় গ্রহণ করবে।

এই নিষেধাজ্ঞাগুলো এক্সিকিউটিভ অর্ডার ১৩৩৮২ অনুসারে আরোপ করা হয়েছে, যা গণবিধ্বংসী অস্ত্র বিস্তারে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করে বিধিনিষেধ দেওয়ার অনুমতি দেয়। 

এসআর

সম্পর্কিত খবর