[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬ ৭:৩১ এএম

সংগৃহীত ছবি

ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে আবারও নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের পরমাণু

 পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। তেহরানের মজুত থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম শান্তিপূর্ণ ব্যবহারের বাইরে অন্য কোনো কাজে সরিয়ে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারছে না সংস্থাটি।

​ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আইএইএ তাদের একটি গোপন প্রতিবেদনে জানিয়েছে যে ইরানের অসহযোগিতার কারণে পরমাণু উপাদানের বর্তমান অবস্থান ও ব্যবহার যাচাই করা সম্ভব হচ্ছে না।

​শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের ঘোষিত পরমাণু উপাদান শান্তিপূর্ণ কার্যক্রম থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়নি—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত তথ্য সংস্থাটির কাছে নেই।

​বিশেষত ইসফাহানে অবস্থিত একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে আইএইএ। গত বছর ইরান স্থাপনাটির বিষয়ে সংস্থাটিকে অবহিত করলেও এখন পর্যন্ত সেখানে পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি। এমনকি স্থাপনাটির সুনির্দিষ্ট অবস্থান, বর্তমান পরিস্থিতি কিংবা সেখানে কোনো পরমাণু উপাদান মজুত আছে কি না, তাও নিশ্চিত নয় সংস্থাটি।

​উল্লেখ্য, ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের সামরিক অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানো হয়, যার ফলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একাধিক কেন্দ্র ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই এসব স্থাপনায় আইএইএ পরিদর্শকদের প্রবেশাধিকার বন্ধ করে দেয় তেহরান। এছাড়া গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সর্বশেষ যুদ্ধেও ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।

​টাইমস অব ইসরায়েল আইএইএর হিসাবের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ২০২৫ সালের জুনে হামলার আগে ইরানের কাছে ৬০ শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম ছিল (উল্লেখ্য, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সাধারণত ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করার প্রয়োজন হয়)। তবে হামলার পর থেকে এই বিপুল পরিমাণ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান সম্পর্কে আর নিশ্চিত হতে পারেনি সংস্থাটি।

​প্রতিবেদনে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বিলম্ব না করে ইরানে যাচাই কার্যক্রম শুরু করার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি পরিদর্শকদের ফিরে যাওয়ার পথ সুগম করতে তেহরানকে ধাপে ধাপে কারিগরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

​অন্যদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে সামরিক হামলার হুমকি অব্যাহত থাকায় এই মুহূর্তে পরিদর্শন কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা সম্ভব নয়। তবে পরিস্থিতি অনুকূলে এলে পরমাণু নিরাপত্তা-সংক্রান্ত সব বাধ্যবাধকতা পুরোপুরি পালনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

​এদিকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য দিলে ২ কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার মার্কিন ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। এ বিষয়ে ইরানের উদ্বেগের প্রেক্ষিতে আইএইএ আশ্বস্ত করেছে যে, সংস্থাটি তাদের কাছে থাকা সব গোপন তথ্যের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করবে।

এইচ/এম

সম্পর্কিত খবর