মিয়ানমার থেকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত
করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থনের ওপর জোর দিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে শান্তি, নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং খাদ্যনিরাপত্তার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় (এইউএ) অনুষ্ঠিত কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের (সিএফএমএম) রিট্রিট অধিবেশনে এই বক্তব্য দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে বর্তমান জটিল বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে হুমায়ুন কবির বলেন, শান্তি ও নিরাপত্তা রক্ষা, জলবায়ু সহনশীলতা অর্জন, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত এবং উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার সুনিশ্চিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে নতুন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় অবিলম্বে ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ পুরোপুরি কার্যকর করা প্রয়োজন। এছাড়া পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগ প্রবাহ বৃদ্ধির জন্য একটি সমন্বিত কাঠামো গড়ে তোলারও তাগিদ দেন তিনি।
এইচ/এম