মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানকে যেকোনো সময় পুরোপুরি অচল করে
দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের সালিনায় মধ্যবর্তী নির্বাচনের নির্বাচনী সমাবেশে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ওয়াশিংটন ইতিমধ্যে ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে এবং তারা চাইলে যেকোনো সময় দেশটিকে অচল করে দিতে পারে।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বিষয়টি নমনীয়তা ও দক্ষতার সঙ্গে সমাধানের চেষ্টা করছে। তবে পরিস্থিতি খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং তীব্র পদক্ষেপ নিলে তারা ইরানকে পুরোপুরি অচল করে দিতে পারবেন, যার মাধ্যমে সবকিছুর অবসান ঘটবে। এর পাশাপাশি আইওয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে দেওয়া অন্য এক বক্তব্যে তিনি জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি। যতটা সম্ভব প্রাণহানি এড়ানোর চেষ্টা করা হলেও একটি সময়ে এসে তাদের ওপর কঠোর আঘাত হানতে হবে।
ট্রাম্প আবারও দাবি করেন, ইরানের পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা যুক্তরাষ্ট্র পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং খুব শিগগিরই এই যুদ্ধের অবসান ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া, দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে পেট্রলের এই বাড়তি দাম খুবই সামান্য একটি বিষয় এবং শিগগিরই জ্বালানির দাম আবার কমে আসবে।
এইচ/এম