নেপালের ভোটেকোশি নদীতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে
দাঁড়িয়েছে। নেপাল পুলিশ ও স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, দেশটির রাসুয়া, নুয়াকোট, ধাদিং, চিতাওয়ান, গোর্খা, তানাহুন এবং নাওয়ালপারাসিসহ বিভিন্ন জেলা এবং সীমান্তবর্তী ভারত থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। ইতোমধ্যে অধিকাংশ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং স্বজনদের শনাক্তকরণের সুবিধার্থে পুলিশের ওয়েবসাইটে নিখোঁজ ও নিহতদের তথ্য প্রকাশ করা হয়েছে।
ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ের পর বন্যাকবলিত এলাকাগুলোতে উদ্ধারকাজ, ত্রাণ বিতরণ ও যোগাযোগব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় প্রায় আট হাজার পুলিশ সদস্য এবং স্থানীয় প্রশাসন টানা কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত সাড়ে ছয় হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া সম্ভব হলেও এখনও ৪ হাজার ৮৫৮ জন নিখোঁজ রয়েছেন।
প্রাথমিক দুর্যোগের ছয় দিন পার হয়ে যাওয়ায় এবং পাহাড়ি ঢলের সাথে পাথর ধসে আসার কারণে নিখোঁজদের জীবিত পাওয়ার সম্ভাবনা নিয়ে তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। নতুন করে বন্যার পূর্বাভাস থাকায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ উঁচু স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
এসআর