গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দ্রুত ছড়িয়ে পড়ছে।
সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত সরকারি তথ্যানুযায়ী, দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা ৬,০৪১ জনে পৌঁছেছে। এতে এ পর্যন্ত ২,৯১১ জনের মৃত্যু হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১,৩৬৬ জন।
গত ২৯ আগস্ট পর্যন্ত ইবোলায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছিল যথাক্রমে ৫,৯৪৫ জন এবং ২,৮৬২ জন। অর্থাৎ, মাত্র দুই দিনের ব্যবধানে রোগী ও মৃতের সংখ্যায় বড় ধরনের বৃদ্ধি ঘটেছে।
চলতি বছরের মে মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা এই প্রাদুর্ভাব ইতোমধ্যেই দেশটির ৬টি প্রদেশের প্রায় ৬০টি স্বাস্থ্য অঞ্চলে বিস্তার লাভ করেছে। এর মধ্যে ইতুরি, উত্তর কিভু এবং হাউত-উয়েলে অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই সংক্রমণের পেছনে রয়েছে ‘বুন্ডিবুগিও’ গোত্রের ইবোলা ভাইরাস, যার নির্দিষ্ট কোনো চিকিৎসাপদ্ধতি বা অনুমোদিত টিকা নেই। এ কারণে রোগী দ্রুত শনাক্তকরণ, সংস্পর্শে আসা ব্যক্তিদের নজরদারি ও সার্বিক স্বাস্থ্যসুরক্ষা জোরদার করে সংক্রমণ ঠেকানোর চেষ্টা চলছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, স্থানীয় সশস্ত্র সংঘাত, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধি, প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর অভাব এবং দুর্গম এলাকাগুলোতে যাতায়াতের সুবিধার অভাবে ইবোলা মোকাবিলা কার্যক্রম মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে।
এসআর