[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

আমিরাতে গ্রেপ্তার আরও ৭৫ বাংলাদেশির মুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪ ৮:৩১ এএম

ফাইল  ছবি

সংযুক্ত আরব আমিরাতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি প্রকাশ করে বিক্ষোভে অংশ নেওয়া আরও ৭৫ জন বাংলাদেশিকে মুক্তি দেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব মো. সারওয়ার আলম। তিনি জানান, ‘‘এ ইস্যুতে আমিরাতে আর কোনো বাংলাদেশি গ্রেপ্তার নেই।’’

বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে সরওয়ার আলম লিখেছেন, ‘‘জুলাই-আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতাকে হত্যাযজ্ঞ ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভে অংশ নেওয়ায় আটক আরও ৭৫ প্রবাসী বাংলাদেশিকে আজ ক্ষমা করেছে আমিরাত সরকার।’’ এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১৮৮ জন বাংলাদেশিকে মুক্তি দিয়েছে আমিরাত সরকার।

এদিকে, গত ৩ সেপ্টেম্বর, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে আলাপ হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের। সে সময় প্রবাসী শ্রমিকদের শাস্তি মওকুফ করার বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টের কাছে প্রবাসী বাংলাদেশিদের ক্ষমা করার অনুরোধ জানান। প্রেসিডেন্ট তার কথা রেখেছেন এবং এর পরেই সুখবরটি এসেছে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়ায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

 

এসআর

সম্পর্কিত খবর