[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিতে নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬ ২:৪০ পিএম

সংগৃহীত ছবি

ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করতে নতুন কিছু নির্দেশনা প্রকাশ করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন, ওয়েবফাইল আপলোড এবং অ্যাপয়েন্টমেন্ট বুকিং সম্পন্ন করতে হবে।

সোমবার (১৫ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আইভ্যাক জানায়, পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসেই উন্মুক্ত করা হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে আবেদনকারীরা সাইন-আপ ও প্রয়োজনীয় ওয়েবফাইল আপলোড করতে পারবেন।

এরপর বিকেল ৫টা থেকে সফলভাবে ফাইল আপলোডকারী আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ চালু হবে।

আইভ্যাক আরও জানিয়েছে, আপলোড করা ফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ কপি হতে হবে।

আবেদনপত্র ৩০ দিনের বেশি পুরোনো হলে তা গ্রহণ করা হবে না। এছাড়া সম্পাদিত, পরিবর্তিত বা বিকৃত কোনো নথি জমা দিলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

মেডিকেল ভিসা আবেদনকারীদের জন্যও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ভিসা অনুমোদনের সময় যে হাসপাতালের নাম উল্লেখ থাকবে, চিকিৎসার জন্য আবেদনকারীকে সেই হাসপাতালেই যেতে হবে।

কোনো কারণে হাসপাতাল পরিবর্তনের প্রয়োজন হলে আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

এ ক্ষেত্রে ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে অনুমতি গ্রহণ বাধ্যতামূলক।

আইভ্যাক সতর্ক করে বলেছে, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে তা ভিসা শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।

এমন পরিস্থিতিতে ভবিষ্যতে ভারত ভ্রমণের ক্ষেত্রে জটিলতা বা নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর