ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক টেলিভিশন ভাষণে দাবি করেছেন যে, প্রবল আন্তর্জাতিক ও কূটনৈতিক চাপের মুখে শেষ পর্যন্ত লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে ইসরায়েল। তিনি সাফ জানিয়ে দেন,
হিজবুল্লাহ বা লেবাননের কোনো অংশেই হামলা চালানোর বৈধ অধিকার ইসরায়েলের নেই।
এই সংকটকালীন সময়ে ইরানের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ণ রেখে অত্যন্ত দক্ষতার সাথে কূটনৈতিক মধ্যস্থতা করার জন্য পাকিস্তানকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের একনিষ্ঠ সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।
ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান পুনর্ব্যক্ত করেন যে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেনি এবং তেহরান এই অঞ্চলে কোনো ধরনের সন্ত্রাসবাদ বা অশান্তি চায় না। তিনি স্পষ্ট করেন যে, ইরান আন্তর্জাতিক আইন মেনে তার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। ইরান তার নীতিগত অবস্থানে সর্বদা অটল থাকবে বলে তিনি মন্তব্য করেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করে ইরানি প্রেসিডেন্ট বলেন, তারা পরিকল্পিতভাবে সামরিক কমান্ডার, রাজনীতিবিদ, বিজ্ঞানী এবং শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু বানিয়ে পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তবে যাবতীয় ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের মর্যাদা সমুন্নত রেখে শান্তি প্রতিষ্ঠাই তার সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।
এসআর