যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর অবরোধ সত্ত্বেও পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি সফলভাবে অতিক্রম করেছে ইরানের তিনটি তেলবাহী ট্যাংকার। জাহাজ তিনটি হলো
‘ডিপ সি’, ‘সোনিয়া আই’ এবং ‘দিওনা’।
আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা ‘কেপলার’-এর তথ্যানুযায়ী, এই তিনটি ট্যাংকারই ইরানি অপরিশোধিত জ্বালানি তেলে পরিপূর্ণ ছিল। তথ্যমতে, গত ২ এপ্রিল ‘ডিপ সি’, ৮ এপ্রিল ‘সোনিয়া আই’ এবং ৯ এপ্রিল ‘দিওনা’ জাহাজগুলো ইরানের খার্গ দ্বীপ থেকে তেল বোঝাই করে। এরপর গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) একে একে জাহাজগুলো হরমুজ প্রণালি পাড়ি দিয়ে পারস্য উপসাগরের দিকে যাত্রা করে। তবে এগুলোর চূড়ান্ত গন্তব্য সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।
উল্লেখ্য, গত ১০ এপ্রিলের পর এই প্রথম কোনো ইরানি ট্যাংকার এই রুটটি ব্যবহার করল। গত ১১ এপ্রিল ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক কোনো সুরাহা ছাড়াই শেষ হয়। এর পরপরই ১২ এপ্রিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে। সেন্টকোমের নির্দেশনায় বলা হয়েছিল, কোনো বিদেশি জাহাজ ইরানি বন্দরে ভিড়তে পারবে না এবং ইরানের কোনো জাহাজও বন্দর ত্যাগ করতে পারবে না।
তবে উত্তেজনার মধ্যেই নতুন করে আশার আলো দেখা দিচ্ছে। কূটনৈতিক মহলে গুঞ্জন উঠেছে যে, দুই দেশ আবারও দ্বিতীয় দফায় সংলাপে বসতে পারে। মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ইতিমধ্যেই এই আলোচনার প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে। এই কূটনৈতিক তৎপরতার মাঝেই ইরানের জাহাজগুলোর অবরোধ ভেঙে বেরিয়ে যাওয়াকে ভূ-রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।
এসআর