যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপে যোগ দেওয়ার লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। আজ শনিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে ৭১ সদস্যের এই দলটিকে বহনকারী বিমানটি ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করে।
এই গুরুত্বপূর্ণ সফরে স্পিকার গালিবাফের সঙ্গে রয়েছেন ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নীতি-নির্ধারক:
সৈয়দ আব্বাস আরাগচি: পররাষ্ট্রমন্ত্রী।
আবদোলনাসের হেম্মাতি: কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
আলী আকবর আহমদিয়ান: সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব।
কেজেম ঘারিবাবাদি: উপপররাষ্ট্রমন্ত্রী।
ইসলাইল বাঘাই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
উষ্ণ অভ্যর্থনা ও দ্বিপাক্ষিক প্রত্যাশা
ইসলামাবাদ বিমানবন্দরে ইরানি প্রতিনিধিদের স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অভ্যর্থনার সময় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একটি গঠনমূলক আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। একইসঙ্গে টেকসই সমাধানের লক্ষ্যে এই সংলাপকে এগিয়ে নিতে পাকিস্তানের পক্ষ থেকে পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
এসআর