[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

হরমুজ প্রণালীর উত্তেজনায় তেলদাম কমলেও বাড়তির দিকে স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ১১:৩০ এএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে।

বুধবার (১১ মার্চ) আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ৫ হাজার ১৯৮ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে এপ্রিল ডেলিভারির স্বর্ণ ফিউচার্সের দাম কিছুটা কমেছে। এ চুক্তিতে স্বর্ণের মূল্য শূন্য দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৬ দশমিক ৪০ ডলারে।


এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে। বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ইতিহাসের সবচেয়ে বড় পরিমাণ কৌশলগত তেল মজুত বাজারে ছাড়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে।


মেটালস ফোকাসের সিঙ্গাপুরভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক নিকোস কাভালিস বলেন, সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি নিয়ে কিছুটা স্বস্তি দেখা দেওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আবার বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে স্বর্ণবাজার নিয়ে তারা আশাবাদী বলেও উল্লেখ করেন তিনি।


এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্প্রতি ইরানের ওপর অন্যতম তীব্র বিমান হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে উত্তেজনা তৈরি হয়েছে।


বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এই প্রণালীতে অচলাবস্থা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়ে। বর্তমানে সেখানে এক সপ্তাহ ধরে বহু তেলবাহী জাহাজ আটকে রয়েছে এবং তেল উৎপাদন ও সরবরাহেও কিছুটা সীমাবদ্ধতা দেখা দিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর