[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

করাচিতে মার্কিন কনস্যুলেট ঘিরে উত্তেজনা: সংঘর্ষে ৯ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মার্চ ২০২৬ ৭:১৮ এএম

সংগৃহীত ছবি

পাকিস্তানের অর্থনৈতিক কেন্দ্র করাচিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেল, করাচির সামনে বিক্ষোভকে কেন্দ্র করে সহিংস ঘটনার সৃষ্টি হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৯ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


রোববার (১ মার্চ) কনস্যুলেট ভবনের সামনে একদল বিক্ষোভকারী জড়ো হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন শুরু করেন। একপর্যায়ে তারা ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।


পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিবাদে এম টি খান রোড এলাকায় এই বিক্ষোভের আয়োজন করা হয়। উত্তেজনা বাড়তে থাকলে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়, তখনই সহিংসতা ছড়িয়ে পড়ে।


ঘটনার সময় কনস্যুলেট ভবনের দিকে পাথর নিক্ষেপের অভিযোগও পাওয়া গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।


পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও রেঞ্জার্স সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে সিন্ধু প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান করাচির অতিরিক্ত আইজিপির কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না এবং প্রদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর