[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬ ৬:০৪ পিএম

সংগৃহীত ছবি

দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকি কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত ও পুষ্টিকর খাবার গ্রহণ এবং শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

 

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শনিবার (১৪ নভেম্বর) দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

 

বাণীতে তারেক রহমান বলেন, ডায়াবেটিস এখন বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশেও এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সময়মতো চিকিৎসা ও নিয়ন্ত্রণের ব্যবস্থা না নিলে হৃদ্‌যন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

 

তিনি বলেন, যথাসময়ে রোগ শনাক্ত করা, চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং স্বাস্থ্যকর জীবনযাপন করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ রোগে আক্রান্ত ব্যক্তিরাও নিয়মিত চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন এবং কর্মক্ষমতা বজায় রাখতে পারেন।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সবার জন্য উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করতে চায়। এ ক্ষেত্রে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

 

তিনি উল্লেখ করেন, সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। ব্যক্তিগত সুস্বাস্থ্যের ইতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নেও পড়ে।

 

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগে দিবসটি জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে, যা দেশের জন্য গর্বের বিষয়।

 

দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি দিবসের সব কর্মসূচির সফলতা কামনা করেন তিনি।

এফ/ডি

সম্পর্কিত খবর