দেশে সাম্প্রতিক সময়ে জ্বর, মাথাব্যথা, তীব্র শরীরব্যথা ও দুর্বলতার উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা মানুষের সংখ্যা বাড়ছে।
এ বিষয়ে এখন পর্যন্ত দেশে নতুন কোনো ভাইরাসের সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। সংস্থাটির বিশেষজ্ঞদের মতে, পরিচিত বিভিন্ন ভাইরাসের সংক্রমণ থেকেও এমন উপসর্গ দেখা দিতে পারে।
সম্প্রতি এমন জ্বরে আক্রান্ত হন চিকিৎসক জাহিদুল ইসলাম। তিন থেকে চার দিন ধরে তার জ্বর ছিল। শরীরের তাপমাত্রা সর্বোচ্চ ১০২ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠেছিল। পাশাপাশি তীব্র শরীরব্যথা, মাথাব্যথা ও শরীরে শুষ্কতার অনুভূতি ছিল।
প্রথমে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে জ্বরের দ্বিতীয় দিনেই পরীক্ষা করান তিনি। তবে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়নি। বুকের এক্স-রেতেও কোনো সমস্যা পাওয়া যায়নি। শুধু রক্তে সি-রিঅ্যাকটিভ প্রোটিনের (সিআরপি) মাত্রা কিছুটা বেশি ছিল, যা শরীরে প্রদাহ বা সংক্রমণের ইঙ্গিত দিতে পারে।
পরীক্ষার মাধ্যমে জ্বরের নির্দিষ্ট কারণ জানা না গেলেও চিকিৎসকেরা এটিকে ভাইরাসজনিত বলে ধারণা করেন। সে অনুযায়ী চিকিৎসা নেন জাহিদুল। কয়েক দিনের মধ্যে জ্বর কমে গেলেও স্বাভাবিক অবস্থায় ফিরতে তার আরও প্রায় এক সপ্তাহ সময় লাগে। এ সময় শরীরে দুর্বলতা ও ক্লান্তি অনুভব করেন তিনি।
জাহিদুল জানান, কর্মস্থলের কয়েকজন সহকর্মী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় নিজের অসুস্থতা নিয়েও শুরুতে উদ্বিগ্ন ছিলেন। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও বিশ্রাম নেওয়ার পর ধীরে ধীরে সুস্থ হন।
তার মতো একই ধরনের উপসর্গ নিয়ে অনেকেই চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। কিন্তু পরীক্ষায় ডেঙ্গু বা চিকুনগুনিয়া শনাক্ত না হওয়ায় জ্বরের প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে।
নতুন ভাইরাসের সংক্রমণ কি না
আইইডিসিআরের ভাইরোলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. আহমেদ নওশের আলম জানান, দেশে নতুন কোনো ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
তার মতে, ডেঙ্গু ও হাম ছাড়াও ইনফ্লুয়েঞ্জা এবং অন্যান্য শ্বাসতন্ত্রের ভাইরাসের সংক্রমণ হতে পারে। এসব পরিচিত ভাইরাসের মধ্যে রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস (আরএসভি) ও অ্যাডিনোভাইরাস উল্লেখযোগ্য।
তিনি জানান, ইনফ্লুয়েঞ্জা শনাক্তের জন্য আইইডিসিআরে পরীক্ষার ব্যবস্থা রয়েছে। নিয়মিত নমুনা পরীক্ষা করা হলেও দেশের সব জ্বরের রোগীর নমুনা পরীক্ষা করা সম্ভব হয় না।
বিশেষজ্ঞ এই কর্মকর্তা বলেন, ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার পরীক্ষায় নেগেটিভ ফল এলেই যে রোগীর শরীরে কোনো ভাইরাস নেই, তা বলা যাবে না। অন্য ভাইরাসের সংক্রমণ থাকলেও তা নির্দিষ্ট পরীক্ষা ছাড়া শনাক্ত করা কঠিন। অনেক ক্ষেত্রে রোগীর উপসর্গ ও শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকেরা চিকিৎসা দিয়ে থাকেন।
তিনি আরও জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার পরীক্ষায় ফল না পাওয়া রোগীদের সবার ক্ষেত্রে বিকল্প ভাইরাস শনাক্তের পরীক্ষা করা হয় না। ফলে অনেকের জ্বরের প্রকৃত কারণ অজানাই থেকে যায়।
ইনফ্লুয়েঞ্জার মৌসুমি সংক্রমণ প্রসঙ্গে অধ্যাপক নওশের আলম বলেন, সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ ভাইরাসের প্রকোপ তুলনামূলক বেশি থাকে। এরপর সংক্রমণ কমে এলেও বছরের অন্যান্য সময়েও আক্রান্ত রোগী পাওয়া যায়।
পরীক্ষায় ভাইরাস শনাক্ত না হওয়ার কারণ
এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. নেলসন তাপস মণ্ডলের ভাষ্য, সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর উপসর্গ নিয়ে অনেক রোগী হাসপাতালে আসছেন। তবে পরীক্ষায় সবার ডেঙ্গু শনাক্ত হচ্ছে না।
তিনি জানান, বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে ডেঙ্গু পরীক্ষার ওপর গুরুত্ব দেওয়া হলেও কোভিডসহ অন্যান্য ভাইরাস শনাক্তের পরীক্ষা তুলনামূলক কম হচ্ছে। কিছু রোগীর রক্ত পরীক্ষায় রক্তকণিকার পরিবর্তন দেখা গেলেও অনেকের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অস্বাভাবিকতা পাওয়া যাচ্ছে না।
এ ধরনের রোগীদের কারও কারও সুস্থ হতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগছে। তবে এর পেছনে নতুন কোনো ভাইরাস রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়ার মতো তথ্য এখনো নেই।
ডা. নেলসন তাপস মণ্ডলের মতে, নতুন কোনো ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। কিন্তু সব রোগীর পক্ষে এসব পরীক্ষার ব্যয় বহন করা সম্ভব হয় না। পাশাপাশি দেশের সব চিকিৎসাকেন্দ্রে প্রয়োজনীয় পরীক্ষার সুযোগও নেই।
অন্যদিকে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ মনে করেন, জ্বরের কারণ অনুসন্ধানে নতুন ভাইরাসের সম্ভাবনা বিবেচনার আগে পরিচিত রোগগুলোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী, জ্বর ও শরীরব্যথার মতো উপসর্গ দেখা দিলেই নতুন কোনো ভাইরাসের সংক্রমণ হয়েছে বলে ধরে নেওয়ার সুযোগ নেই। সঠিক কারণ জানতে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষা-নিরীক্ষা জরুরি।
এফ/ডি