দেশজুড়ে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
মৃতদের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৯ জন শিশু হামে বা হামের মতো উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে এবং হামের উপসর্গজনিত কারণে মোট ৬৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়ে মারা গেছে ৯২ জন শিশু।
বাকি ৫৪৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
একই সময়ের মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯২৭ জনে। এছাড়া হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৮২ হাজার ২৯ জন।
পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ২৮৫ শিশুর মৃত্যু হয়েছে এবং হামে বা সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ১১০ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, র্যাশ বা হামের অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এসআর