[email protected] শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
২ শ্রাবণ ১৪৩৩

বয়স ৪৫, তবু আকাশজুড়ে উড়ে জাফর খা'র স্বপ্ন

ফিরোজ মোল্যা, বোয়ালমারী ( ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২ জুলাই ২০২৬ ১১:০২ পিএম

সংগৃহীত ছবি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুগন্ধী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা জাফর খা বয়সের গণ্ডিকে উপেক্ষা করে এখনও মেতে থাকেন ঘুড়ি তৈরির আনন্দে।

৪৫ বছর বয়সেও নিজ হাতে বড় আকৃতির ঘুড়ি বানিয়ে আকাশে ওড়ানোই তার সবচেয়ে প্রিয় শখ।

আলেপ খার ছেলে জাফর খা যত্নসহকারে স্বচ্ছ পলিথিন ও লাল পাড় ব্যবহার করে আকর্ষণীয় নকশার ঘুড়ি তৈরি করেন।

প্রতিটি ঘুড়ি বানাতে তিনি সময় ও শ্রম দেন, আর ঘুড়ি প্রস্তুত হলে তার মুখে ফুটে ওঠে এক অনন্য তৃপ্তির হাসি।

জাফর খা জানান, ছোটবেলা থেকেই ঘুড়ি বানানো ও ওড়ানোর প্রতি তার গভীর আগ্রহ। সংসার ও কাজের ব্যস্ততার মধ্যেও সেই শখকে তিনি কখনও হারিয়ে যেতে দেননি।

সুযোগ পেলেই নতুন নতুন ঘুড়ি তৈরি করেন এবং সেগুলো আকাশে ওড়ান।

নিজের অনুভূতি প্রকাশ করে জাফর খা বলেন, “বয়স ৪৫ হয়েছে, কিন্তু মনটা এখনও ছোটবেলার মতোই। নিজের বানানো ঘুড়ি যখন আকাশে উড়ে, তখন অন্যরকম আনন্দ অনুভব করি।”

জাফর খার এই ব্যতিক্রমী শখ স্থানীয়দেরও মুগ্ধ করছে। তার গল্প যেন মনে করিয়ে দেয় শখ ও ভালোবাসার কোনো বয়স হয় না; ইচ্ছাশক্তি থাকলে জীবনের যেকোনো সময়েই নিজের আনন্দকে বাঁচিয়ে রাখা সম্ভব।

এসআর

সম্পর্কিত খবর