[email protected] বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩

আগামী তিন মাসে ৪–৬ লঘুচাপ, ঘূর্ণিঝড়েরও শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৬ ৭:৫৩ পিএম

সংগৃহীত ছবি

সেপ্টেম্বর থেকে নভেম্বর—আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এর মধ্যে এক থেকে দুটি নিম্নচাপে রূপ নেওয়ার পাশাপাশি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সেপ্টেম্বর-নভেম্বর সময়ের জন্য প্রকাশিত দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন মাসে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রাও স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।


পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এ ছাড়া সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ছয় থেকে ১০ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।


অন্যদিকে, এই সময়ে তিন থেকে পাঁচটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে মৃদু তাপপ্রবাহের তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহের তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
আগস্টে বৃষ্টিপাত কমেছে


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আগস্টে সারাদেশে স্বাভাবিকের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।


তবে সব বিভাগে বৃষ্টিপাতের চিত্র এক ছিল না। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। সিলেট ও বরিশাল বিভাগে বৃষ্টিপাত ছিল স্বাভাবিক মাত্রায়। আর দেশের অন্যান্য বিভাগে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর