[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ৩:৩৫ এএম

শীতের প্রকোপ বাড়তে থাকায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র

ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বিপরীতে, চট্টগ্রামের টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বিস্তৃত অংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যার প্রভাব উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
প্রথম ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কিছু এলাকায় দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দ্বিতীয় দিনেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। কুয়াশা ও শুষ্ক আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন এলাকায় ঠান্ডার অনুভূতি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
তৃতীয় দিনে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। চতুর্থ দিনে নদী অববাহিকা এলাকায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, অন্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পঞ্চম দিনে আবহাওয়া মোটামুটি স্থিতিশীল থাকলেও কুয়াশা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পাঁচ দিনের পরবর্তী সময়ে দেশের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর