যেকোনো নারীর অসম্মান ও হয়রানির বিরুদ্ধে কথা বলবেন—এমন অবস্থানের কথা আবারও স্পষ্ট করেছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
সম্প্রতি ঢালিউড অভিনেত্রী পরীমনি আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তোলেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঘটে যাওয়া এ ঘটনা নিয়ে আলোচনার মধ্যে পরীমনির প্রতি সমর্থন জানিয়ে নিজের জীবনের একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথাও প্রকাশ করেন প্রভা। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁর বক্তব্যের সমালোচনা করেন।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে দেওয়া এক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে এসব সমালোচনার জবাব দেন অভিনেত্রী। সেখানে তিনি জানান, কোনো নারীর পাশে দাঁড়ানোর জন্য তাঁকে ব্যক্তিগত আক্রমণ বা চরিত্র নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলেও অবস্থান পরিবর্তন করবেন না।
পরীমনির ঘটনার প্রসঙ্গে প্রভা লেখেন, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাঁর মনে হয়েছে, সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগটি হয়তো সঠিক ছিল না। ওই পরিস্থিতিতে পরীমনিকে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, সে জন্য তাঁর প্রতি সহমর্মিতাও প্রকাশ করেন অভিনেত্রী।
নিজের বক্তব্যে প্রভা আরও বলেন, কোনো নারীর সব আচরণ বা সিদ্ধান্তের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। কারও অসদাচরণ কিংবা অন্যকে গালাগাল করার বিষয়টি তিনি সমর্থন করেন না। তবে কোনো আচরণের কারণে কাউকে অসম্মান করা, হয়রানি করা কিংবা নিরাপত্তাহীনতায় ফেলার অধিকার কারও নেই।
অভিনেত্রীর ভাষ্য, একজন নারীর পাশে দাঁড়ানো মানে তাঁর সব কাজকে সমর্থন করা নয়। বরং নারীর মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াই এর মূল বিষয়।
অতীতের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে কটাক্ষ করা হচ্ছে। এ প্রসঙ্গে প্রভা বলেন, যে ঘটনার জন্য তিনি দায়ী নন, সেটি সামনে এনে তাঁকে লজ্জিত করার চেষ্টা করলেও তাতে তাঁর পরিচয় বা নীতির পরিবর্তন হবে না। অন্যের বিচার কিংবা অপমান তাঁর আত্মপরিচয় নির্ধারণ করতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।
প্রভা আরও জানান, কোনো নারীর পাশে দাঁড়ানোর কারণে অপমানিত হওয়াকে তিনি এমন মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য নীরব থাকার চেয়ে ভালো মনে করেন, যাঁরা নারীর মর্যাদা নির্ধারণের অধিকার নিজেদের হাতে রাখতে চান।
এফ/ডি