বলিউড অভিনেতা সালমান খানের আগামী ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর মুক্তির
চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সিনেমাটির শুটিং ও সরকারি ছাড়পত্র পাওয়া নিয়ে চলা নানা গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন সালমান নিজে।
গত ৬ নভেম্বর মুম্বাইয়ে সিনেমাটির ঝলক প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা। সেখানে ছবির শুটিং ও মুক্তি নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সালমানের দাবি, ছবির কাজ নিয়ে জটিলতা কিংবা দেরি হওয়ার যেসব খবর ছড়িয়েছে, তার কোনো ভিত্তি নেই।
সম্প্রতি খবর ছড়িয়েছিল যে, ছবির কয়েকটি দৃশ্য নিয়ে কেন্দ্রীয় সরকারের আপত্তি থাকায় নতুন করে শুটিং করতে হয়েছে নির্মাতাদের। এমনকি শুরুতে ছবির নাম ‘ব্যাটল অব গালওয়ান’ রাখা হলেও সরকারের আপত্তির কারণেই পরে তা পরিবর্তন করা হয়েছে বলে গুঞ্জন ছিল। এসব খবর শুনে বিরক্তি প্রকাশ করে সালমান বলেন, ‘সব বাজে কথা! এই খবর একেবারেই সত্যি নয়।’
ছবির বিষয়বস্তু ব্যাখ্যা করে তিনি জানান, ‘আমরা ছবিটি তৈরি করেছি সেনাদের নিয়ে। তারা কী পরিস্থিতির মধ্য দিয়ে যান, তাদের পরিবারের সদস্যদের কী কী সমস্যার মুখোমুখি হতে হয়, সেটাই তুলে ধরা হয়েছে। এখানে কোনো নেতিবাচক শক্তির কথা নেই। নেতিবাচক আসলে পরিস্থিতি।’
ভারত ও চীনের সংঘাতের প্রেক্ষাপটে তৈরি ছবিটির বিষয়বস্তু নিয়েও নানা আলোচনা চলছিল। বিশেষ করে চীনের প্রসঙ্গ এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কথা বিবেচনায় নিয়ে ছবিটির মুক্তির বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে খবর রটেছিল। তবে এসব খবরও ভিত্তিহীন বলে সাফ জানিয়েছেন সালমান।
উল্লেখ্য, ২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি তৈরি করা হয়েছে। এ কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।
প্রথমে ২০২৬ সালের এপ্রিলে ছবিটি মুক্তির পরিকল্পনা করা হলেও, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।
এইচ/এম