[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

বিয়ের সাজে তৌসিফ-সাফা, আসল ঘটনা কী?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬ ৭:৫১ পিএম

সংগৃহীত ছবি

হলুদ পোশাকে গায়ে হলুদের অনুষ্ঠানের আবহে একসঙ্গে হাজির হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও সাফা কবির।

তাদের এমন সাজ ও উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল।

 

অনেকেই ধারণা করেছিলেন, নতুন কোনো নাটকের দৃশ্য হয়তো এটি। আবার কারও মনে প্রশ্ন জেগেছে, বাস্তব কোনো পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন কি না তারা।

 

তবে বিষয়টি নাটক কিংবা ব্যক্তিগত কোনো অনুষ্ঠান নয়। একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের জন্য বিশেষ এই আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানটি মূলত বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের পোশাক তৈরি ও বিপণনের সঙ্গে যুক্ত। তাদের প্রচারণার অংশ হিসেবেই গায়ে হলুদের আদলে সাজানো হয় পুরো আয়োজন।

 

একটি রিসোর্টে বিজ্ঞাপনচিত্রটির দৃশ্য ধারণ করা হয়েছে। এতে সাফাকে দেখা গেছে নকশা করা হলুদ লেহেঙ্গায়। আর তৌসিফের পোশাকে ছিল হলুদ রঙের পাঞ্জাবি ও কুর্তির সমন্বয়। তাদের সঙ্গে আরও কয়েকজন তরুণ-তরুণীকে দেখা গেছে।

 

ভিডিওটি প্রকাশের পর দর্শকদের কাছ থেকে বেশ সাড়া পাওয়া গেছে। মাত্র দুই দিনের মধ্যেই এর ভিউ প্রায় সাড়ে চার লাখে পৌঁছেছে। অনেকেই তৌসিফ ও সাফার একসঙ্গে উপস্থিতি এবং তাদের পর্দার রসায়নের প্রশংসা করেছেন।

 

শোবিজে কাজ শুরুর আগ থেকেই তৌসিফ ও সাফার মধ্যে বন্ধুত্ব রয়েছে। দীর্ঘদিনের এই সম্পর্কের কারণে বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা যায়। সম্প্রতি বন্ধুদের নিয়ে সিলেটেও ঘুরে এসেছেন তারা।

 

গত ২৭ অক্টোবর ছিল অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিন। বিশেষ দিনটি উপলক্ষে স্ত্রী ও বন্ধুদের নিয়ে সিলেটে সময় কাটান তিনি। সেই সফরে সাফা কবির ছাড়াও ছিলেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এবং সৈয়দ জামান শাওন। যাওয়ার পরিকল্পনা থাকলেও ব্যস্ততার কারণে শেষ মুহূর্তে সফরে যেতে পারেননি অভিনেতা সিয়াম আহমেদ।

 

ভ্রমণের ছবি প্রকাশ করে তৌসিফ বন্ধুত্ব ও সময়ের পরিবর্তন নিয়ে নিজের অনুভূতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছিলেন।

 

অন্যদিকে, সামনে নির্মাতা শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘ক্যাফে আমব্রেলা’য় দেখা যাবে তৌসিফ মাহবুবকে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার, পার্থ শেখ, আমিনা ইসলাম ও আরেফিন জিলানী।

এফ/ডি

সম্পর্কিত খবর