[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

রোহিত শেঠির বাসভবনে গুলিবর্ষণ: তদন্তে উঠে এলো সংঘবদ্ধ অপরাধচক্রের নাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৫৪ এএম

সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির বাড়ির সামনে পরিকল্পিতভাবে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

প্রাথমিক তদন্তে এই হামলার পেছনে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতার ইঙ্গিত মিলেছে। ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পুলিশি অনুসন্ধানে জানা গেছে—গ্রেপ্তার হওয়া সমর্থ শিবসরণ এবং পলাতক অভিযুক্ত শুভম লোঙ্কার এই হামলার মূল পরিকল্পনাকারী। শুভম লোঙ্কারের নির্দেশে একটি স্কুটারে করে হামলাকারীরা রোহিত শেঠির বাড়ির সামনে গিয়ে গুলি চালায়। এ ঘটনায় আদিত্য জ্ঞানেশ্বর, আনন্দ মারোতে ও সিদ্ধার্থ দীপকসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। আদালত তাঁদের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যেখানে এই হামলাকে ‘ট্রেলার’ হিসেবে উল্লেখ করে আরও ভয়াবহ হুমকি দেওয়া হয়। পোস্টে দাবি করা হয়, ভবিষ্যতে লক্ষ্যবস্তুতে সরাসরি প্রাণঘাতী আঘাত হানা হবে।

এ ঘটনায় রোহিত শেঠির নিরাপত্তাকর্মী থানায় হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি পুরো বলিউডকে সতর্ক করে গ্যাংয়ের পক্ষ থেকে হুমকিও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বলিউড তারকাদের বিরুদ্ধে এই গ্যাংয়ের হুমকি নতুন নয়। এর আগে অভিনেতা সালমান খান একাধিকবার প্রাণনাশের হুমকি ও বাড়ির সামনে গুলির ঘটনার মুখে পড়েন। এছাড়া গত বছর মুম্বাইয়ে প্রভাবশালী রাজনীতিক বাবা সিদ্দিকীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এসব ঘটনার পর বিনোদন অঙ্গনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

এসআর

সম্পর্কিত খবর