[email protected] বুধবার, ৪ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

রাজনৈতিক মেরুকরণে কাজ কমেছে—এ আর রহমানের মন্তব্য ঘিরে ভারতে বিতর্ক

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ৪:২৭ পিএম

অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান জানিয়েছেন, গত কয়েক বছরে বলিউডে তার


 কাজের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ভারতের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও সমাজে বাড়তে থাকা ধর্মীয় বিভাজনকেই তিনি এর অন্যতম কারণ হিসেবে দেখছেন। রহমানের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক।


সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীতজগতে শীর্ষস্থান ধরে রাখা এ আর রহমান শুধু বলিউড কিংবা দক্ষিণী সিনেমাতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপকভাবে সমাদৃত। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত আট বছরে ধাপে ধাপে বহু কাজ হাতছাড়া হয়েছে তার।


রহমানের ভাষ্য, ক্ষমতার পরিবর্তনের পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। তার মতে, বর্তমানে যাদের হাতে ক্ষমতা রয়েছে, তারা সৃজনশীল শিল্পচর্চার গুরুত্ব ততটা বোঝেন না। একই সঙ্গে ধর্মীয় বিভাজনের পরিবেশও শিল্পীদের কাজের সুযোগকে প্রভাবিত করছে বলে মনে করেন তিনি।

যদিও কেউ সরাসরি তাকে এসব কথা বলেনি, তবে এমন ইঙ্গিত তিনি বিভিন্নভাবে পেয়েছেন বলেও উল্লেখ করেন।


এ আর রহমানের এই বক্তব্যের পর রাজনৈতিক প্রতিক্রিয়া দ্রুতই ছড়িয়ে পড়ে। বিরোধী দলগুলো বিষয়টি তুলে ধরে শাসক দল বিজেপির সমালোচনা শুরু করে। তবে শাসক দলের নেতারা রহমানের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, ভারতের শিল্পীসমাজ আজও স্বাধীনভাবে কাজ করছে এবং বহু শিল্পী দেশজুড়ে সমান জনপ্রিয়তা উপভোগ করছেন।


সব মিলিয়ে, একজন বিশ্বখ্যাত শিল্পীর এমন মন্তব্য ভারতের সংস্কৃতি, রাজনীতি ও সৃজনশীল স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা উসকে দিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর