[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতা ছুরিকাঘাতে নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ ৮:৪৬ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে টিউশনিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের মরদেহ আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসা থেকে উদ্ধার করা হয়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,

“ছুরিকাঘাতে জুবায়েদ হোসাইন নিহত হয়েছেন। ঘটনাস্থলটি ছিল তার টিউশনের বাসা। মৃত্যুর সঠিক কারণ ও উদ্দেশ্য এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্তাধীন।”

নিহত জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। তিনি জবি’র কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন,

“ঘটনার খবর পেয়েছি, এটি অত্যন্ত মর্মান্তিক। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। পুলিশকে ইতোমধ্যে আশপাশের সব সিসিটিভি ফুটেজ পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।”

পুলিশের প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো দিকেই নিশ্চিত মন্তব্য করা হচ্ছে না।

এসআর

সম্পর্কিত খবর