[email protected] সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

গুচ্ছ ভর্তি ২০২৬-২৭: ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬ ১১:১৪ এএম

সংগৃহীত ছবি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি হতে যাওয়া শিক্ষার্থীদের জন্য ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট ১৬ হাজার ৯৩টি আসন নির্ধারিত রয়েছে।

নতুন করে আরও চারটি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হলে আসনসংখ্যা বেড়ে ১৬ হাজার ৪৭৩ থেকে ১৬ হাজার ৬৪৩টির মধ্যে হতে পারে।

 

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা চালু করা হয়। এর ফলে একটি সমন্বিত পরীক্ষার মাধ্যমে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।

 

আসন্ন শিক্ষাবর্ষে বিদ্যমান ২০টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়কে গুচ্ছের আওতায় আনার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনের পরই বিষয়টি নিশ্চিত হবে।

 

গত ১ নভেম্বর প্রকাশিত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক পর্যায়ের আসনসংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, গুচ্ছভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ২ হাজার ৫১৫টি আসন রয়েছে। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৭০, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৮০, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬১১, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৯৫ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১৭৫টি আসন রয়েছে।

 

অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা হলো—যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯৫০, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৭৫ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৮৫০টি।

 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৩০, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ৩৯০, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ১২৬, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯০ এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০৪টি আসন রয়েছে।

 

এ ছাড়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯০, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজিতে ২২০, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭২, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬০ এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬০টি আসন রয়েছে।

 

সম্ভাব্য নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি বিভাগ চালুর অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এ দুটি বিভাগে মোট আসন ৮০ থেকে ১০০টির মতো হতে পারে।

 

অন্যদিকে, বগুড়া, ঠাকুরগাঁও এবং লক্ষ্মীপুরের নতুন বিশ্ববিদ্যালয়গুলো এখনো বিভাগ চালুর চূড়ান্ত অনুমোদন পায়নি। বিভাগ অনুমোদন ও ইউজিসির সিদ্ধান্তের পর এসব প্রতিষ্ঠানের আসনসংখ্যা নির্ধারণ করা হবে।

 

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ও আসনসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য মোট আসনের পরিমাণ।

এফ/ডি

সম্পর্কিত খবর