[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

জবির দ্বিতীয় ক্যাম্পাসের বাজেট দ্রুত অনুমোদনে কাজ করবেন হুইপ অপু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬ ৬:২০ পিএম

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের বাজেট আগামী প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই অনুমোদন করাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। একই সঙ্গে প্রকল্পটির কাজ এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

 

হুইপ অপু বলেন, আগামী প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই দ্বিতীয় ক্যাম্পাসের বাজেট পাসের বিষয়ে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। এ উদ্যোগ সফল করতে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

 

দ্বিতীয় ক্যাম্পাসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি কেবল নতুন অবকাঠামো নির্মাণের প্রকল্প নয়। এর সঙ্গে শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান, পাঠদান ও গবেষণার সুযোগ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সক্ষমতা উন্নয়নের বিষয় জড়িত।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, তৎকালীন জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন হয়েছিল। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই দাবি গ্রহণ করেন।

 

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের অনুভূতি জানিয়ে অপু বলেন, প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্র সংসদের নেতাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সবাইকে একই পরিবারের সদস্য হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটের পাশাপাশি শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি রয়েছে। এসব সীমাবদ্ধতা দূর করতে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এফ/ডি

সম্পর্কিত খবর