দক্ষ নেতৃত্ব তৈরি, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভর সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব আবুল বাশার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন, ইউট্যাব কুবির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন। এ ছাড়া শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় সহযোগী অধ্যাপক মো. হারুন বলেন, শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ রয়েছে। সাংস্কৃতিক ও অন্যান্য সংগঠনের মতো ছাত্রদলের মতো ছাত্রসংগঠনেও শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন কর্মসূচি নেওয়া প্রয়োজন।
ইউট্যাব কুবির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন বলেন, শিক্ষা, অভিজ্ঞতা এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা একজন ব্যক্তিকে প্রকৃত নেতা হিসেবে গড়ে তোলে। শিক্ষার্থীদের মেধা বিকাশে কর্মশালার পাশাপাশি বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, ক্যাম্পাসে মাদক ও র্যাগিং নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়। আজকের কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে যদি ইতিবাচক পরিবর্তনের মানসিকতা তৈরি হয়, তাহলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সমস্যা কমিয়ে আনা সম্ভব হবে।
ছাত্রদলের সদস্যসচিব আবুল বাশার বলেন, ছাত্রদলের সঙ্গে যুক্ত হতে হলে শিক্ষার্থীদের পড়াশোনা ও নেতৃত্বের বিকাশে মনোযোগী হতে হবে। মাদকের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত হওয়া যাবে না। পাশাপাশি প্রতি মাসে অন্তত একটি হলেও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার চেষ্টা থাকতে হবে।
সভাপতির বক্তব্যে কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করাই কর্মশালার অন্যতম উদ্দেশ্য। মাদক ও র্যাগিংমুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব হবে।
এসআর