[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাবিপ্রবিতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২২ মে ২০২৬ ১০:৫০ পিএম

সংগৃহীত ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে শহীদ নুর হোসেন হলের এক শিক্ষার্থীকে ক্যাম্পাসের একটি মাঠ এলাকায় মারধরের অভিযোগ ওঠে শহীদ আবরার ফাহাদ হলের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এতে ওই শিক্ষার্থী আহত হন।


ঘটনার পর দুই হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে।


শিক্ষার্থীদের অভিযোগ, সংঘর্ষের সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। পাশাপাশি একটি হলে হামলা, ভাঙচুর ও কিছু ব্যক্তিগত জিনিসপত্র নেওয়ার অভিযোগও ওঠে। তবে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত চলছে।


পরিস্থিতির প্রতিবাদে শহীদ নুর হোসেন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়সংলগ্ন দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করেন। তারা হামলার বিচার এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ক্যাম্পাসে সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চেয়েছেন তারা।


সাধারণ শিক্ষার্থীদের একাংশ বলছেন, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে বারবার সংঘর্ষের ঘটনায় শিক্ষা ও আবাসিক পরিবেশ ব্যাহত হচ্ছে। তারা ঘটনার পেছনের কারণ খুঁজে বের করে স্থায়ী সমাধানের দাবি জানান।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ক্যাম্পাসে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন কাজ করছে এবং সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।


এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও জরুরি সেবার যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়।

এসআর

সম্পর্কিত খবর