যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।
প্রজ্ঞাপনে জানানো হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ধারা ১০ (১) অনুযায়ী তাঁকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমমানের বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে।
নিয়োগ প্রসঙ্গে অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, তিনি ইতোমধ্যে আনুষ্ঠানিক চিঠি পেয়েছেন এবং শিগগিরই ক্যাম্পাসে যোগদান করবেন।
উল্লেখ্য, ড. ইয়ারুল কবীর দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন।
১৯৮৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি সেখানে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে একাডেমিক অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছেন।
এসআর