যুক্তির বর্ণমালায় গ্রন্থিত হোক মুক্তির কবিতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এ প্রথমবারের মতো জাতীয় বিতর্ক উৎসব শুরু হয়েছে।
আয়োজক হিসেবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় বিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে আন্তঃস্কুল-কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এ পর্বে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০টি দল অংশ নেয়। প্রতিযোগিতার কয়েকটি ধাপ শেষে ফাইনালে জায়গা করে নেয় নওয়াব ফয়জুননেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুহসিন জামিল জানান, এই প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের এমন আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, আন্তঃস্কুল-কলেজ প্রতিযোগিতার মাধ্যমে উৎসব শুরু হলেও পরবর্তী ধাপে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা এতে অংশ নেবেন। প্রায় ৩২টি বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন বিতার্কিক এবং অভিজ্ঞ বিচারকরা এতে যুক্ত থাকবেন বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, সংগঠনের সভাপতি সাদিয়া আফরিন বলেন, আন্তঃস্কুল-কলেজ পর্যায়ের প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবের পর্দা উঠেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামি আয়োজনগুলোও সফলভাবে সম্পন্ন হবে।
তিনি আরও জানান, আগামী ১৭ ও ১৮ এপ্রিল আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ১৮ এপ্রিল ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে।
এসআর